২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ায় মামলা, আসামি জামায়াতের ৩৫০

হরতালে পুলিশের কাজে বাধা দেয়া, বোমা হামলা ও যানবাহন ভাংচুরের অভিযোগে জামায়াতের সাড়ে তিনশ’ নেতাকর্মীর বিরুদ্ধে দুইটি মামলা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 07:10 AM

Updated : 25 Apr 2022, 06:51 PM

সোমবার রাতে উল্লাপাড়া থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা দুটি দায়ের করে।

মামলায় আসামিদের মধ্যে উপজেলা জামায়াতের আমির শাহজাহান আলী ও সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদও রয়েছেন।

আদালত অবমাননার দায়ে জামায়াতের তিন নেতাকে সাজা দেয়ার প্রতিবাদে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াত।

হরতাল চলাকালে সোমবার উল্লাপাড়া উপজেলায় পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ব্যাপক সংঘর্ষ হয়।

উল্লাপাড়া থানার ওসি হাবিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান বাদী হয়ে করা মামলায় সরকারি কাজে বাধা প্রদান, পুলিশের উপর বোমা হামলা ও যানবাহন ভাংচুরের অভিযোগে ৩২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এছাড়া উপ-পরিদর্শক ইমাম জাফরের করা মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় দুই শতাধিক জামায়াত-শিবির নেতাকর্মীকে আসামি করা হয়।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, সোমবার হরতালে পিকেটিং করার সময় আটক শিবিরকর্মী রোকনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি রফিকুল ইসলাম খানের এলাকা উল্লাপাড়ায় পুলিশ-জামায়াত দফায় দফায় সংঘর্ষ হয়।

জামায়াত-শিবির নেতাকর্মীরা দিনভর বগুড়া-নগরবাড়ি মহাসড়কে যানবাহন ভাংচুর করে।

এ সময় বোমা হামলায় পুলিশের উপ-পরিদর্শক নুরুজ্জামান ও কনস্টেবল আবু সাঈদ আহত হন। পুলিশের গুলিতে একজন আহত হন। জামায়াতের দাবি গুলিবিদ্ধ আইয়ুব আলী তাদের কর্মী।