পাহাড়ে একপক্ষের হরতাল, অন্যপক্ষের প্রত্যাহার
পাহাড়ের ৭২ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন কর্মসূচি প্রত্যাহার করা নিয়ে আহ্বানকারী পাঁচটি সংগঠন কার্যত বিভক্ত হয়ে পড়েছে।
মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিস্পত্তি কমিশন (সংশোধন) আইন অনুমোদনের প্রতিবাদে দেশের তিন পার্বত্য জেলায় রোববার সকাল থেকে এ হরতাল শুরু হয়।
হরতাল ডাকে পার্বত্য সমঅধিকার আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য যুব ফ্রন্ট, পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।
হরতালের দ্বিতীয় দিন সোমবার পার্বত্য বাঙালি সমঅধিকার আন্দোলনের নোতারা প্রশাসনের সঙ্গে সমঝোতার বরাত দিয়ে হরতাল প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান।
সংগঠনটির রাঙামাটি ও বান্দরবানের নেতারা এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।
কিন্তু সোমবার রাতে অপর চার সংগঠন এবং সমঅধিকারের একাংশ রাঙামাটিতে সংবাদ সম্মেলন করে হরতাল প্র্যাহারের ঘোষণা প্রত্যাখ্যান করে।
মঙ্গলবার সকাল থেকে খাগড়াছড়িতে বিক্ষিপ্ত পিকেটিং ও মিছিল করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সমর্থকরা।
পিকেটিংকালে পুলিশ এ সংগঠনের তিন কর্মীকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টায় বাঙালি ছাত্র পরিষদের জেলা সাধারণ সম্পাদক এসএম মাসুদ রানাসহ নেতাকর্মীরা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন।
মিছিলটি মহাজনপাড়া এলাকায় যাওয়ার পথে নারিকেল বাগান এলাকায় পুলিশ বাধা দিলে আবার শাপলা চত্বরে ফিরে আসে।
এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে এসএম মাসুদ রানা হরতাল কর্মসূচি চালিয়ে যাওয়ার আহবান জানান।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, পিকেটিং করার সময় পুলিশ খাগড়াছড়ি বাজারের দক্ষিণমাথা এলাকা থেকে আল আমিন ও কলেজ গেইট এলাকা থেকে মুছা ও রবিউলকে আটক করে।
এদিকে বিদ্যালয়গুলোতে পরীক্ষা শুরু হওয়ায় দুর্ভোগের শিকার হচ্ছে শিক্ষার্থী ও অভিবাবকরা। দূরপাল্লার ও অভ্যন্তরীণ যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দোকানপাট খোলেনি। শহরে কিছু রিকশা ও অটোরিকশা চলাচল করছে।
শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সোমবার সন্ধ্যায় পার্বত্য বাঙালি সমঅধিকার আন্দোলনের পক্ষ থেকে হরতাল প্রত্যাহারের কথা বলা হলেও মঙ্গলবার সকাল থেকে হঠাৎ যানবাহন চলাচল বন্ধ করে দেয় অপর দুটি সংগঠন।
মঙ্গলবার সকাল থেকে গাড়ি চলছিল। ৮টার দিকে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ এবং পার্বত্য বাঙালি নাগরিক পরিষদ সমর্থকরা রাস্তায় নেমে যান চলাচল বন্ধ করে দেয়।
এ সময় তারা দুপুর ১২টা পর্যন্ত হরতাল করার কথা জানায়।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জেলা সভাপতি মো. কামরান ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
এ ব্যাপারে সমঅধিকার আন্দোলনের জেলা সভাপতি মো. সেলিম চৌধুরী বলেন, মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে এবং প্রশাসনের অনুরোধে তারা হরতাল প্রত্যাহার করেছেন।
অপর সংগঠনগুলোর হরতাল চালিয়ে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, “ওটা তাদের বিষয়, আমাদের বলা কিছু নেই।”
এর আগে সোমবার সন্ধ্যা ৭টার দিকে সেলিম চৌধুরী হরতাল প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছিলেন।
বান্দরবানের পুলিশ সুপার কামরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পার্বত্য সমঅধিকার আন্দোলনের সেলিম চৌধুরী তাদের হরতাল প্রত্যাহারের কথা জানালেও অন্যরা সকালে হঠাৎ হরতাল চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
তবে পুলিশকে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।
রাঙামাটিতে হরতাল চলবে সন্ধ্যা পর্যন্ত
সোমবার সন্ধ্যায় পার্বত্য সমঅধিকার আন্দোলনের কেন্দ্রীয় নেতারা হরতাল প্রত্যাহারের ঘোষণা দিলেও অপর চারটি সংগঠন তার প্রত্যাখ্যান করেছে।
রাত ৯টায় এক সংবাদ জরুরি সংবাদ সন্মেলনে অপর চার সংগঠন হরতাল স্থগিতের ঘোষণা প্র্র্রত্যাখান এবং মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্ষন্ত হরতাল চালানোর ঘোষণা দেয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদ জেলা আহ্বায়ক বেগম নূরজাহান, পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ সভাপতি উজ্জ্বল পাল, ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ সভাপতি মো. ইব্রাহিম ও পার্বত্য সমঅধিকার আন্দোলনের (একাংশ) জেলা সাধারণ সম্পাদক আবসার আলী।
এদিকে, হরতালে মঙ্গলবার সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরাপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অধিকাংশ দোনপাটও বন্ধ রয়েছে।
এর আগে সন্ধ্যায় সমঅধিকার আন্দোলনের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কামাল জানিয়েছেন, প্রশাসনের উচ্চ পর্যায়ের আশ্বাসের প্রেক্ষিতে তারা আপাতত হরতাল প্রত্যাহার করেছেন।
