চাঁপাইনবাবগঞ্জে বিষাক্ত গ্যাসে ৩ সুইপারের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ সুইপারের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুফল, মদন ও সন্তোষ। তারা ওই গ্রামেরই বাসিন্দা।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে উমরপুর গ্রামে আলতাফ মাস্টারের বাড়িতে তিন সুইপার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে যান। সুফল প্রথমে ট্যাংকিতে নামলে বিষাক্ত গ্যাসের কারণে তার মৃত্যু হয়।
তাকে উদ্ধার করতে গিয়ে মদন এবং সন্তোষেরও মৃত্যু হয় এবং পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বলে ওসি জানান।
