জীববৈচিত্র্য আইনে নীতিগত অনুমোদন
জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ‘বাংলাদেশ জীববৈচিত্র্য আইন-২০১৩’ এর খসড়া নীতিগত অনুমোদন করেছে মন্ত্রিসভা।
জাতীয় সংসদ ভবনে সোমবার বিকালে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূইয়া।
তিনি জানান, পর্যবেক্ষণের আলোকে পরিমার্জনসহ এই আইনটি আবার মন্ত্রিসভায় আসবে।
“জীববৈচিত্র্যে বাংলাদেশ খুবই সমৃদ্ধ। এই আইনটি করার জন্য জাতীয় পর্যায়েও প্রতিশ্রুতি ছিলো”, বলেন সচিব।
তিনি বলেন, “কোনো ব্যক্তি বা সংস্থা জীববৈচিত্র্য ব্যবহারের জন্য অনুপ্রবেশ করতে পারবে না। অনুমতি ছাড়া জীববৈচিত্র্য ব্যবহার করা যাবে না।”
মোশাররফ হোসেন জানান, এই আইনে মেধাসত্ত্ব অধিকার দেওয়া হবে।
তিনি বলেন, এই আইন লঙ্ঘনে পাঁচ বছর কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হচ্ছে।
“বিনা অনুমতিতে কাজের জন্য ক্ষতি হলে জরিমানার পরিমাণ বাড়ানো যাবে।”
তিনি বলেন, এই আইনটি বাস্তবায়নের জন্য একটি জাতীয় কমিটি গঠন হবে।
“সংশ্লিষ্ট সকলকে নিয়ে জাতীয় কমিটি গঠন করা হবে। জাতীয় কমিটিকে সহায়তার জন্য কারিগরি কমিটি এবং বিশেষজ্ঞ কমিটি থাকবে।”
স্থানীয় পর্যায়ে ব্যবস্থাপনা কমিটি গঠনের কথাও প্রস্তাবিত আইনে রয়েছে।
তবে কে জাতীয় কমিটির সভাপতি হবে, তা আইনে বলা হয়নি।
মোশাররফ হোসেন বলেন, “এই আইন বাস্তবায়নের পর বিধান হলে সেখানে জাতীয় কমিটির সভাপতির কথা বলা থাকবে।”
চলতি বছরের ১৫ থেকে ১৯ এপ্রিল কেনিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ বসতি কর্মসূচির সম্মেলনে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের অংশগ্রণের বিষয়টি মন্ত্রিসভায় জানানো হয়।
মোশাররফ হোসেন বলেন, ঢাকায় ইউএন হ্যাবিট্যাটের অফিস হবে।
এছাড়া আজারবাইজানের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করে।
বাংলাদেশের সঙ্গে আরো ৩৯টি দেশের সাংস্কৃতিক চুক্তি রয়েছে।
