পঞ্চগড়ে গণজাগরণ মঞ্চের প্রতিনিধি সভা
পঞ্চগড়ে গণজাগরণ মঞ্চের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে পঞ্চগড় জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ও হরতালের প্রতিবাদে শহরে মিছিল বের করে গণজাগরণ মঞ্চের সংগঠকরা।
সভায় বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও রায় কার্যকর এবং জামায়াতের রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত গণজাগরণ মঞ্চের আন্দোলন অব্যাহত থাকবে।
পঞ্চগড় গণজাগরণ মঞ্চের আহ্বায়ক আশিকুজ্জামান সৌরভের সভাপতিত্বে প্রতিনিধি সভায় শাহবাগ গণজাগরণ মঞ্চের নেতা ব্লগার মাহমুদুল হক মুন্সী বাঁধন, ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি জনার্দন দত্ত নান্টু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্নেহার্দী চক্রবর্তী রিন্টু, ছাত্র আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর রহমান মিঠু, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তারেক, জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী সাজু, অনলাইন অ্যাকটিভিস্ট সানোয়ার পারভেজ পুলক, মামুনুল আবেদীন শিমুল, আরিফুল ইসলাম সানি প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় গণজাগরণ মঞ্চের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ছাড়াও উদীচী শিল্পীগোষ্ঠী, মুক্তিযোদ্ধা সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিপিবি, জাসদ ও বিভিন্ন প্রগতিশীল ছাত্রসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
