হরতাল প্রত্যাখ্যান করে জাগরণের মিছিল
জামায়াতে ইসলামীর হরতাল প্রতিরোধের ডাক দিয়ে রাজধানীর শাহবাগে মিছিল করছে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে আসা গণজাগরণ মঞ্চ।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ‘জামায়াত-শিবিরের হরতাল মানি না মানবো না’ লেখা ব্যানার ও জাতীয় পতাকা নিয়ে শাহবাগ থেকে মিছিল শুরু হয়।
টিএসসি ও শহীদমিনার ঘুরে মিছিল নিয়ে আবার শাহবাগে ফিরে আসেন জাগরণ মঞ্চের কর্মীরা।
মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, অন্যতম উদ্যোক্তা মারুফ রসুলসহ গণজাগরণ মঞ্চের কর্মীরা এই মিছিলে অংশ নেন।
তাদের কণ্ঠে শ্লোগান শোনা যায়- ‘জামায়াত-শিবিরের অবৈধ হরতাল মানি না মানবো না’, ‘আমাদের সংগ্রাম চলছে চলবে’।
জাগরণ মঞ্চের ছয় দফা দাবির মধ্যে ‘যুদ্ধাপরাধে সহায়তাকারী’ দল জামায়াতকে নিষিদ্ধ করার দাবিও রয়েছে।
আদালত অবমাননার দায়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে তিন নেতাকে সাজা দেয়ায় প্রতিবাদে রোববার দুপুরে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াত।
এর পরপরই হরতাল প্রতিরোধের ডাক দিয়ে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে মিছিলের ঘোষণা আসে।
গত ফেব্রুয়ারিতে মঞ্চ গঠিত হওয়ার পর জামায়াতের প্রতিটি হরতালেই শাহবাগে প্রতিবাদ মিছিল করেছেন এ মঞ্চের কর্মীরা।
