২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নীতিমালা ছাড়া আর বিচারক নিয়োগ নয়’

নীতিমালা না করে উচ্চ আদালতে আর বিচারক নিয়োগ না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 06:55 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

রোববার বার কাউন্সিলের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি।

খন্দকার মাহবুব বলেন, “বাংলাদেশের বিচার ব্যবস্থার ভাবমূর্তি আজ অনেকটা বিপন্ন। সংবিধানে স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলা হলেও বাস্তবক্ষেত্রে নিম্ন আদালতের বিচারকগণ রাজনৈতিক প্রভাবে এবং তাদের নিজস্ব স্বাধীনচেতা মানবিক মনোভাব না থাকায় অনেকক্ষেত্র বিচারপ্রার্থী ন্যায়বিচার পায় না।”

বার বার দাবি জানানোর পরও উচ্চ আদালেত বিচারক নিয়োগে নীতিমালা প্রণয়ন না করায় হতাশা প্রকাশ করেন তিনি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি বলেন, “অভিজ্ঞতা, দক্ষতা, সততা ও শিক্ষাগত যোগ্যতা বিবেচনা না করেই শুধু ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ততা বিবেচনা করেই কোনো কোনো ক্ষেত্রে উচ্চ আদালতে বিচারক নিয়োগ করা হয়।”

বর্তমান সরকার আরো বিচারক নিয়োগ দিতে যাচ্ছে বলে খবর শোনা যাচ্ছে উল্লেখ করে নীতিমালা না করার আগে তিনি তা না দেয়ার আহ্বান জানান।  

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় জারি করা সুপ্রিম জুডিশিয়াল কমিশন অধ্যাদেশে বিচারক নিয়োগে বেশ কিছু বিধি বিধানের কথা বলা রয়েছে জানিয়ে খন্দকার মাহবুব বলেন, ওই অধ্যাদেশটিকে আইনে পরিণত করার সুযোগ থাকলেও বর্তমান সরকার তা করেনি।