হেফাজতের সঙ্গে সংঘর্ষে বিজিবির খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের সময় খোয়া যাওয়া বিজিবি সদস্যের একটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত ১১টার দিকে নিমাইকাশারী এলাকায় একটি ডোবা থেকে এসএমজি রাইফেলটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশরাফুজ্জামান।
তবে খোয়া যাওয়া চাইনিজ রাইফেলের সন্ধান এখনো পাওয়া যায়নি বলে জানান তিনি।
এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
পুলিশ কর্মকর্তা আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাইনিজ রাইফেলটিও সেখানে রয়েছে কি না, তা তল্লাশি করে দেখা হচ্ছে।
গত ৬ মে হেফাজতে ইসলামীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে দুই বিজিবি সদস্য, দুই পুলিশ সদস্যসহ ১৯ জন নিহত হয়। আহত হয় শতাধিক।
এই ঘটনায় সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানায় মোট ১৫টি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার করা হয়েছে ১৮ জনকে।
