সিরাজগঞ্জে ছাত্রদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ
সিরাজগঞ্জ সরকারি কলেজের শহীদ শামসুজ্জোহা ছাত্রাবাসের ছাত্রদের সঙ্গে গ্রামবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
রোববার সকালে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শহীদ শামসুজ্জোহা ছাত্রাবাসের সুপার ও কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কলেজের পাশের দত্তবাড়ি ও জানপুর মহল্লার কয়েক যুবক শনিবার রাতে ছাত্রাবাসের পানির পাইপ চুরির সময় ধরা পড়ে। এ সময় ছাত্ররা কয়েকজনকে ধরে মারপিট করে ছেড়ে দেয়।
এ ঘটনার জের ধরে রোববার সকালে ওই বখাটেরা সংঘবদ্ধ হয়ে এসে ছাত্রাবাসে হামলা চালালে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় ছাত্রাবাসের ৩ ছাত্র আহত হয়েছে বলে জানান অধ্যাপক আজিজ।
সদর থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৬ রাউন্ড রাবার বুলেট ও ৮ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রবাসে বৈঠক করার সময় সেখানে জেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম বাবু ছাত্রাবাসে ঢোকার চেষ্টা করলে পুলিশের এক সদস্য তাকে পিটিয়ে আহত করে অভিযোগ করেছেন ছাত্রলীগ নেতারা।
