সাভারের সেই ফাঁড়িতে ১১ নতুন পুলিশ
সাভারে পুলিশের হেফাজতে ‘নির্যাতনে’ ব্যবসায়ী শামীম সরকারের মৃত্যুর পর বন্ধ থাকা চামড়া শিল্প পুলিশ ফাঁড়িতে রোববার নতুন করে ১১ পুলিশ সদস্যকে নিয়োগ দেয়া হয়েছে। একইসঙ্গে ফাঁড়িটি পরিদর্শন করেছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
সকাল ১০টার দিকে পুলিশের উপ-মহাপরিদর্শক নুরুজ্জামান চামড়া শিল্প নগরী পুলিশ ফাঁড়িতে যান।
পুলিশের ‘টর্চার সেল’ হিসেবে পরিচিত সেই ফাঁড়ির ভেতরে যেখানে রেখে ওই ব্যবসায়ীকে নির্যাতন করা হয় সে স্থান ঘুরে দেখেন তিনি। পরে তিনি নিহত শামীমের বাড়িতে গিয়ে পরিবারের লোকদের সান্ত্বনা দেন এবং সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।
এ সময় ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন, সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল শেখ, সাভার মডেল থানার এএসপি মশিউদ্দৌলা রেজা উপস্থিত ছিলেন।
পুলিশ নির্যাতনে শামীমের মৃত্যুর পর চামড়া শিল্প নগরীর ১১ পুলিশকে প্রত্যাহার করে ফাঁড়ি তালাবন্ধ রাখা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার নতুন করে ১১ সদস্যের একটি দলকে চামড়া শিল্প পুলিশ ফাঁড়িতে নিয়োগ দেয়া হয়েছে।
গত বুধবার রাতে ব্যবসায়ী শামীম সরকারকে গ্রেপ্তার করে সাভার থানা পুলিশ।
রাতেই শামীমের ছোট ভাই বিপ্লব সরকার ভাইয়ের (শামীম) খোঁজে সাভার থানায় গেলে থানার অপারেশন অফিসার উপ-পরিদর্শক (এসআই) শেখ ফরিদ উদ্দিন তার সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ রযেছে।
শামীমের পরিবারের দাবি, পরে গভীর রাতে এএসআই আকিদুল ইসলাম তাকে ছেড়ে দিতে প্রথমে ৫ লাখ ও পরে ২ লাখ টাকা ঘুষ দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় শামীমকে পুলিশের ‘টর্চার সেল’ হিসেবে পরিচিত চামড়া শিল্প পুলিশ ফাঁড়িতে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করে হত্যা করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। অভিযুক্ত ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- আশুলিয়া থানার এসআই এমদাদুল হক, সাভার মডেল থানার এএসআই আকিদুল ইসলাম, কনস্টেবল মোজাফ্ফর, রমজান ও ইউসুফ।
গ্রেপ্তাকৃতরা পাঁচ দিনের রিমান্ডে সাভার থানায় রয়েছেন।
