দুদক চেয়ারম্যানের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমানের চাকরির মেয়াদ ‘শেষ হয়ে গেছে’ দাবি করে এরপরও তার পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করেছেন এক আইনজীবী।
এর আগে গত ৫ জুন দুদক চেয়ারম্যানকে একটি উকিল নোটিস পাঠিয়েছিলেন আল মাহমুদ। ওই নোটিসের জবাব না দেয়ায় রিট আবেদন করেছেন বলে জানান তিনি।
আল মাহমুদ বলেন, তার আবেদনটি বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে।
গোলাম রহমান ‘কোন কর্তৃত্ববলে’ এখনো দুদক চেয়ারম্যান পদে আছেন, তা জানতে রুল চাওয়া হয়েছে এই রিটে।
একইসঙ্গে ‘মেয়াদ শেষের পর’ তার নেয়া বিভিন্ন কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ‘বাড়তি সময়ে’ তার নেয়া বেতন ভাতা কেন ফেরত দিতে নির্দেশ দেয়া হবে না- তা জানতেও রুল চেয়েছেন রিটকারী।
আইনজীবী মির্জা আল মাহমুদ গত বুধবার রেজিস্ট্রি ডাকে দুদক চেয়ারম্যানকে নোটিস পাঠান।
তার বক্তব্য, সরকার ২০০৯ সালের ২৯ এপ্রিল গোলাম রহমানকে চার বছরের জন্য দুদকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়। তা কার্যকর হয় ওই বছরের ২ মে। সেই হিসাবে গোলাম রহমানের দায়িত্বে মেয়াদ চলতি বছর মে মাসেই অতিক্রান্ত হয়েছে।
