২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজরীন ট্র্যাজেডি: ৩৭ পরিবারের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় ‘নিখোঁজ’ ৩৭ জনের পরিবারের সদস্যদের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 08:22 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

লাশ সনাক্ত না হওয়ায় এসব পরিবার এখনো ক্ষতিপূরণ পায়নি।

Image
শনিবার রাতে আগুনে আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরিন ফ্যাশনস পুড়ে যায়। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, নভেম্বর ২৫, ২০১২

শনিবার রাতে আগুনে আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরিন ফ্যাশনস পুড়ে যায়। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, নভেম্বর ২৫, ২০১২

একটি রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের হাই কোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেয়।

পুলিশের মহা পরিদর্শককে আগামী ১৯ জুনের মধ্যে আদালতে ডিএনএ পরীক্ষার অগ্রগতি জানাতে হবে।

ওই সময়ের মধ্যে তাজরীনের অগ্নিকাণ্ড ও সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি প্রতিবেদনও চেয়েছে আদালত।

রিটের শুনানিতে আদালত তাজরীনের মালিক দেলোয়ার হোসেনকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। মামলার হাজিরা থেকে অব্যাহতি না পাওয়ায় পরবর্তী শুনানির দিনও তাকে আদালতে উপস্থিত থাকতে হবে।

গত বছরের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনসে ভয়াবহ আগুন লাগে। ওই ঘটনায় সরকারি হিসাবে ১১২ জন নিহত হন, যাদের মধ্যে ৯৮ জনের পরিবারকে চিহ্নিত করে ক্ষতিপূরণ দেয়া হয়েছে।

সনাক্ত হয়নি এমন ২০টি লাশ ডিএনএ নমুনা রেখে দাফন করা হয়েছে জুরাইন কবরস্থানে।

নৃ-বিজ্ঞানী নাজনীন আকতার বানু, সায়েদা গুলরুখ কামাল ও মাহমুদুল হাসান সুমনের পক্ষে গত ২৮ এপ্রিল হাই কোর্টে এই রিট আবেদন করে ‘নিখোঁজ’ এই ৩৭ জনের তালিকা জমা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

আদেশের পর এক প্রশ্নের জবাবে জ্যোতির্ময় বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত ৩৭ জনের পরিবারের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দিয়েছে। তাদের ডিএনএ সংরক্ষিত লাশের ডিএনএ’র সঙ্গে মিলিয়ে দেখা হবে। যেহেতু অসনাক্ত এতো লাশ নেই। তাই নিশ্চিতভাবেই বলা যায়,  কিছু পরিবার তাদের স্বজনের লাশের স্বীকৃতি পাবে না।”

এই আইনজীবী আদালতে অভিযোগ করেন, এই ৩৭ পরিবারের সদস্যরা তাদের ডিএনএ পরীক্ষার জন্য নানাভাবে চেষ্টা করলেও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। কোনো ক্ষতিপূরণও তারা পাননি।

এ আদালতের সহকারী অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত অন্যদের পরিবারের ক্ষেত্রে ক্ষতিপূরণসহ যেসব ব্যবস্থা নেয়া হয়েছে, ডিএনএ পরীক্ষার পর এই ৩৭ পরিবারের ক্ষেত্রেও একই পদক্ষেপ নিতে বলেছে আদালত।