চট্টগ্রামে ধসে পড়ল ভবনের বারান্দা
চট্টগ্রাম মেডিকেল কলেজ স্টাফ কলোনির একটি ভবনের বারান্দা ধসে পড়েছে।
চকবাজার থানার ওসি আতিক আহমেদ চৌধুরী জানান, রোববার বেলা সোয়া ১১টার দিকে গোঁয়াছিবাগান স্টাফ কলোনির তিন তলা একটি ভবনের দ্বিতীয় তলার বারান্দা ধসে পড়ে।
ওই ভবনের ছয়টি পরিবারকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানান তিনি।
ওসি আতিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্টাফ কলোনির ছয়টি ভবনের সবকটিই নাজুক অবস্থায় রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানোও হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসন, গণপূর্ত অধিদপ্তর, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনার পরপরই ওই এলাকা পরিদর্শন করেন।
গোঁয়াছিবাগানের এই স্টাফ কলোনিতে তিনতলা ভবন আছে পাঁচটি। মোট ৫৬টি পরিবার এখানে বসবাস করত।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আহাম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বারান্দা ধসে পড়া ভবনটি ‘সিলাগালা’ করে দেয়া হচ্ছে।
কলোনির বাকি পাঁচটি ভবনও ঝুঁকিপূর্ণ বলেও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান।
আগের দিন শনিবার বন্দরনগরীর পাঁচলাইশ থানার শ্যামলী আবাসিক এলাকার একটি ছয় তলা ভবন হেলে পড়লে বাসিন্দাদের সরিয়ে নেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
