জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পরীক্ষার ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সালে অনুষ্ঠিত ২২টি বিষয়ের স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
রোববার সকাল ১০টায় এ ফল প্রকাশ করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান জানান।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd.info) ও (www.nuadmission.info) থেকে ফলাফল জানা যাবে।
পরীক্ষা হওয়া অবশিষ্ট ছয়টি বিষয়ের ফলাফল এ সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে বলে তিনি জানান।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ২০১০ সালের স্নাতক চতুর্থ বর্ষ (সম্মান) তত্ত্বীয় পরীক্ষা গত ১২ নভেম্বর শুরু হয়ে ২৯ ডিসেম্বর শেষ হয়।
আর সংশ্লিষ্ট বিষয়ের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা চলে এ বছরের ৩১ মার্চ পর্যন্ত।
২৮টি অনার্স বিষয়ে সারাদেশে মোট ১৮৪টি কলেজের এক লাখ তিন হাজার ৬১৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দেন ১২৮টি কেন্দ্রে।
তিনি বলেন, বাকি ছয়টি বিষয়ের ফলাফল প্রকাশের পর পাশের চূড়ান্ত হার বলা যাবে।
যেসব বিষয়ের ফল প্রকাশ করা হয়েছে সেগুলো হল বাংলা, আরবি, ইসলামের ইতিহাস, দর্শন, ইসলামী শিক্ষা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, পদার্থবিদ্যা, প্রাণিবিদ্যা, ভূগোল, মৃত্তিকাবিজ্ঞান, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, লাইব্রেরি সায়েন্স, নৃ-বিজ্ঞান ও গার্হস্থ্য অর্থনীতি।
