২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুতার ভেতর দেড় কেজি সোনার গয়না, আটক ১ 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দেড় কেজি সোনার গয়নাসহ এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আমর্ড পুলিশ ব্যাটালিয়ান(এপিবিএন)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 05:15 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

এছাড়া সিঙ্গাপুরের একটি ফ্লাইটে আসা একটি ব্যাগ থেকে বিপুল সংখ্যক মালয়শীয় মুদ্রা উদ্ধার করা হয়েছে।

এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা শনিবার মধ্যরাতে আগমনী ১ নম্বর ক্যানোপি থেকে মো. গোলাম রব্বানী (৩৯) নামের এক ব্যক্তিকে আটক করেন।

“সিঙ্গাপুর এয়ারলাইন্সের যাত্রী রব্বানী তার জুতার সোলের ভেতরে ১৯৪টি সোনার চেইন লুকিয়ে পাচারের চেষ্টা করেছিলেন। চেইনগুলোর ওজন এক কেজি চারশ গ্রাম।”

একই বিমানে আসা একটি ব্যাগের মালিক না পেয়ে তল্লাশি চালায় পুলিশ। ভেতরে পাওয়া যায় ৮৮ হাজার ৪১২ মালয়শীয় রিংগিত।

ওই ব্যাগের ভেতরে মো. শহিদুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তির পাসপোর্ট পাওয়া যায় বলেও আলমগীর হোসেন জানান।

তিনি বলেন, আটক রব্বানীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।