পাহাড়ে ৭২ ঘণ্টার হরতাল শুরু
মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন অনুমোদনের প্রতিবাদে তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার হরতাল শুরু হয়েছে।
বান্দরবান শহরে পুলিশ পাঁচ পিকেটারকে আটক করেছে।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, জেলা শহরে সকাল থেকে হরতাল সমর্থকদের পিকেটিং করতে দেখা যায়নি।
তবে, খাগড়াছড়ি থেকে ঢাকা, চট্রগ্রামসহ বিভিন্ন গন্তব্যের দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মাসুদ করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলার গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক পুলিশ মোতায়েন আছে। প্রয়োজনে বিজিবি প্রস্তুত রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা নৈশ কোচগুলো জেলার রামগড় এলাকায় আটকা পড়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
বান্দরবান প্রতিনিধি জানান, সকাল থেকে জেলায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দোকানপাটও বন্ধ। বাস টার্মিনালে বুকিং কাউন্টারগুলো বন্ধ রয়েছে।
রোববার বান্দরবানে প্রধান হাটবার হওয়ায় মারমা বাজার এলাকায় মানুষকে কেনাকাটা করতে দেখা গেছে।
বান্দরবান থানার ওসি মো. ইমতিয়াজ আহম্মেদ বলেন, পিকেটিং এবং টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করার চেষ্টা করলে পুলিশ মো. সুমন, মো. জসিম উদ্দীন, জিপু দে ও মো. ওবায়দুলসহ পাঁচ পিকেটারকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাঙামাটি প্রতিনিধি জানান, সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরাপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলা সদর থেকে উপজেলাগুলোতে কোনো যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যায়নি। শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল সমর্থকরা বনরুপা ও তবলছড়ি এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিলও হয়েছে।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
শুক্রবার রাঙামাটি শহরে এক যৌথ সংবাদ সন্মেলনে সংগঠনগুলোর নেতারা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে এই হরতালের ঘোষণা দেন।
সংগঠনগুলো হল পার্বত্য সমঅধিকার আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য যুব ফ্রন্ট, পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।
একই দাবিতে এ সংগঠনগুলো গত ৩০ মে সড়ক ও নৌপথ অবরোধ এবং ২ জুন তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল করেছে।
গত ২৭ মে মন্ত্রিসভার বৈঠকে ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইনের খসড়া অনুমোদিত হয়। ৩ জুন মন্ত্রিসভার বৈঠকে আইনটি চুড়ান্ত অমুমোদন দেয়া হয়।
