দৌলতদিয়ায় ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ, আটক ৩
রাজবাড়ীর দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. নূরুল ইসলাম মণ্ডল (৪২) সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আবুল বাশার জানান, শনিবার রাত ১২টার দিকে দৌলতদিয়া বাজারের মন্দিরের কাছে হামলার শিকার হন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নূরুল ইসলাম।
রেল স্টেশনের পাশে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় থেকে পুলিশ ফাঁড়ির পাশ দিয়ে কয়েকজন সঙ্গীসহ বাড়ি ফেরার সময় সন্ত্রাসীরা নূরুল ইসলামকে লক্ষ করে গুলি ছোড়ে।
এতে নূরুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে চারটি গুলি লাগে বলে তার স্ত্রী আলেয়া বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
ওসি জানান, স্থানীয় জনতা ঘটনাস্থলেই সন্দেহভাজন তিনজনকে আটক করে পিটুনি দেয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
ফারুক, বিপ্লব ও সোহাগ নামের ওই তিনজনকে আহত অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
