২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোটারি পিস অ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রোটারি পিস অ্যাওয়ার্ড প্রদান করেছে রোটারি ইন্টারন্যাশনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2013, 03:28 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

শনিবার বিকালে হোটেল সোনারগাঁওয়ে ‘রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮০’র ৭৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেয়া হয়।

মানব সেবা, বিশ্বব্যাপী সৌহার্দ্যও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯০৫ সালে রোটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয়।

পদক গ্রহণ শেষে সমাজের দরিদ্র ও অবহেলিত মানুষের দুঃখকষ্ট লাঘবে অবদান রাখার জন্য রোটারিয়ানদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে প্রধানমন্ত্রী বলেন, “আমি ২০১১ সালে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদে ‘জনগণের ক্ষমতায়ন ও উন্নয়ন’ মডেল উপস্থাপন করি। ২০১২ সালের ডিসেম্বরে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্র সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব পাশ করেছে।”

এই মডেলে ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ, বৈষম্য কমিয়ে আনা, বঞ্ছনার অবসান, সুবিধাবঞ্চিতদের অন্তর্ভুক্তিকরণ, দ্রুত মানব সম্পদ উন্নয়ন এবং সন্ত্রাস নির্মূলকে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে করণীয় হিসাবে চিহ্নিত করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, “আজকের রোটারি পিস অ্যাওয়ার্ড প্রদান আমাদের এ শান্তি উদ্যোগকে আরও উৎসাহ যোগাবে। এ গৌরব দেশের প্রতিটি মানুষের। বাংলার জনগণের প্রতি রোটারিয়ানদের এ স্বীকৃতি আমাদের প্রেরণার উৎস হিসেবে কাজ করবে।”

দারিদ্র্য বিমোচনে রোটারিসহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে থাইল্যান্ডের সাবেক উপপ্রধানমন্ত্রী ও রোটারি ইন্টারন্যাশনালের সাবেক প্রেসিডেন্ট ভিচাই রাত্তাকুল, রোটারিয়ান ইশতিয়াক এ জামান এবং প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান এফ এইচ আরিফ বক্তব্য রাখেন।