২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, কারখানায় ছুটি

ন্যূনতম বেতন আট হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে শনিবার গাজীপুরে দুটি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2013, 03:15 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

এরপর মালিকপক্ষের লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষ ও ভাংচুরের জেরে কারখানা দুটিতে একদিনের জন্য ছুটি দেয় কর্তৃপক্ষ।

কারখানা দুটি হল শ্রীপুরের নয়নপুরে তিব্বত গ্রুপের রিদিশা এবং স্থানীয় এমসি বাজারের হাসিন।

রিদিশা কারখানার ফিনিশিং বিভাগের ব্যবস্থাপক আফসার উদ্দিন জানান, বেলা আড়াইটার দিকে শ্রমিকেরা একযোগে কারখানার প্রশাসন ও নিটিং শাখায় ঢুকে কাঁচ, নিটিং মেশিন ও আসবাবপত্র ভাংচুর করে।

পরে কারখানার সামনে রাখা কর্মকর্তাদের ব্যবহৃত ১২টি মাইক্রোবাস ও প্রাইভেটকার ভাংচুর করে।

শ্রীপুর থানার ওসি মো. আমির হোসেন জানান, হাসিন সোয়েটার কারখানার শ্রমিকেরা একজন শ্রমিক আটকের খবরে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে।

পরে তারা ঈদ বোনাস, মাতৃত্বকালীন ছুটি ও ন্যূনতম বেতন আট হাজার টাকাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এদিকে শ্রমিকদের দাবি, রিদিশা পোশাক কারখানার শ্রমিকেরা কারখানার সামনে জমায়েত হয়ে ন্যূনতম বেতন ৮ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভসহ মিছিল করে।

এ সময় কর্তৃপক্ষের লোকজন তাদের বাধা দেয়।

মালিকপক্ষের বহিরাগত লোকজন শ্রমিকদের উপর লাঠিসোটা নিয়ে হামলা করে।

এতে ২০ শ্রমিক আহত হয়। আহতদের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিতসা দেওয়া হয়েছে বলে তারা জানান।

হাসিন সোয়েটার কারখানার ব্যবস্থাপক নজরুল ইসলাম জানান, শুক্রবার রাতে শ্রীপুর থানা পুলিশ অন্য একটি ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তার কারখানার একজন শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

শনিবার সকালে শ্রীপুর থানা পুলিশ তাকে কারখানায় ফেরতও পাঠায়।

তার আটকের খবরে শ্রমিকেরা উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ শুরু করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করা হয়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শরীফুল ইসলাম বলেন, পুলিশ যাওয়ার আগেই শ্রমিকেরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেছে।