রানা প্লাজায় আহতদের পাশে জেবিএফএইচ
সাভারে ধসে পড়া রানা প্লাজার আহতদের ফলো-আপ চিকিৎসা দিয়েছে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল (জেবিএফএইচ)।
সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার এ আয়োজন করা হয়।
এর আগে দুর্ঘটনার সময়ও তারা আহতদের চিকিৎসা দেন।
জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডা. জোনাইদ শফিক, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. সরদার এ নাঈমসহ ৩০ সদস্যের মেডিক্যাল টিম এখানে চিকিৎসা দেন।
এখানে রোগীদের বিনামূল্যে ফলোআপ মেডিক্যাল ট্রিটমেন্ট, ওষুধ বিতরণ এবং সাইকো থেরাপি দেয়া হয়।
অধ্যাপক সরদার এ নাঈম বলেন, আহতদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
রানা প্লাজা ধসের পর বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের মতো জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটালের ইমার্জেন্সি মেডিক্যাল রেসপন্স টিম (ইএমআরটি) দুর্গতদের পাশে দাঁড়িয়েছিল।
গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১১শ ৩০ জন নিহত হয়। আহত হয় কয়েকহাজার।
