কুমিল্লায় ২৭ জামায়াত নেতাকর্মী গ্রেপ্তার
কুমিল্লার দেবিদ্বার উপজেলা ও পৌর আমীরসহ জামায়াতে ইসলামীর ২৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার উপজেলা সদরে হিলফুল ফুজুল নামের একটি মাদ্রাসায় নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠককালে তাদের গ্রেপ্তার করা হয়।
দেবিদ্বার থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, তাদের গ্রেপ্তারের সময় হামলায় এক এএসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন জামায়াতের উপজেলা আমির আব্দুস সালাম, পৌর আমির মনিরুল আলম পাঠান, উপজেলা রুকন গোলাম মোস্তফা, রুকন আবু ইউসুফ, রুকন আব্দুল আলীম জমাদ্দার, সুরা সদস্য আবুল কাশেম, সুরা সদস্য আবুল হাসান প্রমুখ।
পুলিশ কর্মকর্তা বলেন, অভিযান চলাকালে জামায়াতের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে চেয়ার-টেবিল ছুড়লে চার পুলিশ সদস্য আহত হন।
আহতরা হলেন এএসআই কবির হোসেন, কনস্টেবল শুক্কুর, বাদল ও আব্দুল্লাহ।
তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দেবিদ্বার থানায় মামলা হয়েছে বলেও তিনি জানান।
