তাহের হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কর্নেল তাহের হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে বিভিন্ন পেশা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, “দেশীয় দালালরা মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করে জামাত-শিবির তথা পাকিস্তানপন্থী দালালদের পুর্নবাসন করতে চেয়েছিল। এরই ধারাবাহিকতায় ষড়যন্ত্রমূলক প্রহসনের মামলায় বিচারের নামে ফাঁসিতে ঝুঁলিয়ে কর্নেল তাহেরকে হত্যা করা হয়।”
তাহেরকে হত্যার ষড়যন্ত্রকারীদেরও বিচার করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
মহানগর জাসদের সভাপতি আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইন্দু নন্দন দত্ত, কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান, নগর জাসদের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন বাবুল, সাম্যবাদী দলের জেলা সম্পাদক অমূল্য বড়–য়া প্রমুখ বক্তব্য দেন।
