নরসিংদীতে অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩
নরসিংদীর পলাশ উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার দুপুরে বাইপাস সড়কের ত্রিমোড় বিকচাঁনের দোকান এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয় বলে র্যাব-১১ জানিয়েছে।
আটকরা হলেন জয়পুরহাটের আক্কেলপুরের পালশা চৌধুরীপাড়ার মো. আতিকুর রহমান আতিক (৩২) ও মো. মমিন হোসেন (২৮) এবং প্রাইভেটকারচালক গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাহাল চাঁনপুর এলাকার বিল্লাল হোসেন।
এদের কাছ থেকে ৭টি বিদেশি পিস্তল, ১৪টি ম্যাগজিন, ৪২ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।
এরা সবাই অস্ত্র ব্যবসায়ী বলে জানান র্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আরিফ হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতে র্যাব সদস্যরা গাজীপুর জেলার পুবাইল এলাকায় অবস্থান নেন।
শুক্রবার ভোরে জয়পুরহাটের পাঁচবিবি থেকে আসা কাঙ্খিত প্রাইভেটকারটিকে পেয়ে পিছন থেকে অনুসরণ করে র্যাব।
দুপুর পৌনে ২টার দিকে গাড়িটি তল্লাশি করে এসব অস্ত্র ও তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানান মেজর মো. আরিফ।
এ ব্যাপারে নরসিংদীর পলাশ থানায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান র্যাব কর্মকর্তা।
