২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘উন্নয়নের যোগ্যতা আছে একমাত্র খালেকের’

খুলনাবাসীর প্রত্যাশিত উন্নয়ন করার যোগ্যতা একমাত্র মহাজোট সমর্থিত মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেকের আছে বলে মন্তব্য করেছেন সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2013, 02:30 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

আওয়ামী লীগ নেতা খালেককে প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে যে সম্মিলিত নাগরিক কমিটি, তার চেয়ারম্যান হচ্ছেন বিএনপির সাবেক নেতা রাজ্জাক।

শুক্রবার সন্ধ্যায় খালেকের পক্ষে ভোট চাইতে গিয়ে রাজ্জাক আলী বলেন, খুলনাবাসীর প্রত্যাশিত উন্নয়ন করার যোগ্যতা একমাত্র খালেকের আছে। নগরীর উন্নয়নে সরকারের কাছ থেকে এক হাজার কোটি টাকা বরাদ্দ আনা সহজ কথা নয়। এর জন্য যোগ্যতার প্রয়োজন। আর এ যোগ্যতা সকলের মধ্যে থাকে না।

“আমি স্পিকার হিসেবে জানি, সরকারের কাছ থেকে বরাদ্দ আনা কত কঠিন কাজ। কিন্তু খালেক সে কাজটি খুব সহজে করতে পেরেছেন। আমার জীবন সায়হ্নে এসে কোনোকিছু পাওয়ার আসায় রাজপথে নামিনি। নেমেছি আধুনিক তিলোত্তমা খুলনা নগরী গড়ে তোলার জন্য।”

সাবেক বিএনপি সরকারের স্পিকার রাজ্জাক আলী আরো বলেন, এনায়েত আলী এবং তিনি খালেকের নির্বাচনে কাজ করছেন ভবিষ্যত প্রজন্মের জন্য।

অচেনা-অজানার চেয়ে পরিচিত-পরীক্ষিত মানুষ হিসেবে তালুকদার খালেক অনেক ভালো, বলেন তিনি।

আগামী দিনে আরো উন্নয়নের লক্ষ্যে দলমত নির্বিশেষে খালেককে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

সন্ধ্যায় নগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা কালীবাড়ী বাজার মোড়ে সম্মিলিত নাগরিক কমিটির পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন শেখ রাজ্জাক আলী।

পথসভায় সভাপতিত্ব করেন সম্মিলিত নাগরিক কমিটির দৌলতপুর শাখার সমন্বয়কারী শেখ সৈয়দ আলী।

এছাড়াও বক্তব্য দেন কমিটির কো-চেয়ারম্যান মো. এনায়েত আলী, এস এম আবু সাঈদ, শেখ সাঈদুর রহমান, নাগরিক কমিটির সদস্য সচিব শাহ জাহাঙ্গীর আবেদ প্রমুখ।