সাঘাটায় কৃষকের গরু লুট
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বৃহস্পতিবার রাতে পাঁচ কৃষকের ১৩টি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গরুগুলির আনুমানিক মুল্য ছয়লাখ টাকার মতো হবে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রফিকুর ইসলাম ক্ষতিগ্রস্ত কৃষকদের বরাত দিয়ে জানান, রাত প্রায় দেড়টার দিকে একটি স্যালো ইঞ্জিনচালিত নৌকা যমুনা নদীর ওই চরে ভেড়ে।
নৌকা থেকে ২০/২৫ জন ডাকাত নেমে কয়েকটি বাড়িতে গিয়ে লোকজনকে মারপিট করে বেঁধে রাখে এবং কৃষক ছমছেল হক মন্ডলের ১টি, আনছার আলীর ৩টি, মোফাজ্জল হকের ৪টি, আব্দুল মালেকের ৪টি ও জাহান আলী ১টি গরু নৌকায় তুলে নিয়ে যায়।
তিনি আরো জানান, ব্রহ্মপুত্র ও যমুনা নদীতে পানি বৃদ্ধি পেলেই ডাকাতের উপদ্রব বেড়ে যায়। প্রতিবছর এ সময় গাইবান্ধার চরাঞ্চল থেকে গরু লুট হয়।
সাঘাটা থানার ওসি রফিকুল ইসলাম জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। তবে কোনো লিখিত অভিযোগ পাননি।
