নির্বাচনে ঘুম হারাম মুদ্রণকর্মীদের
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে কাজের চাপে ঘুম হারাম হওয়ার অবস্থা মুদ্রণকর্মীদের। মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের চাহিদামাফিক কাজ সরবরাহ করতে গিয়ে দিনরাত খাটতে হচ্ছে তাদের।
এবার বরিশালে মেয়র পদে তিনজন ছাড়াও কাউন্সিলর পদে ১৬৬ জন নারী ও পুরুষ নির্বাচনী লড়াইয়ের মাঠে রয়েছেন। তারা প্রতীক সম্বলিত নানা ধরনের প্রচারপত্র তৈরি করে ভোটারদের মনযোগ আকর্ষণের চেষ্টা করছে।
প্রতীক বরাদ্দের আগে থেকেই প্রার্থীরা গণসংযোগ ও প্রচার-প্রচারণা চলাচ্ছেন। তখন থেকেই ব্যস্ততা বেড়ে যায় মুদ্রণকল মালিক ও কর্মীদের। তবে নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্ধ পাওয়ার পর সেই ব্যস্ততা তুঙ্গে ওঠে।
মুদ্রণকল মালিকদের আশা, ভোটের আগের দিন পর্যন্ত তাদের হাতে কাজ আসবে। ফলে সেই ধরনের প্রস্তুতিই তারা নিয়েছেন। কোথাও কোথাও বাড়ানো হয়েছে শ্রমিকের সংখ্যা।
নির্বাচন উপলক্ষে বরিশাল নগরজুড়ে এখন শোভা পাচ্ছে প্রার্থীদের ছবি ও প্রতীক সম্বলিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন। পোস্টার, ব্যানার আর ফেস্টুনে ঢাকা পড়েছে যেন পুরো নগরী। কোথাও তিল ধারণের ঠাঁই নেই। যে যেখানে খানিকটা ফাঁকা পাচ্ছেন সেখানেই টানিয়ে দিচ্ছেন প্রার্থীদের পোস্টার, ব্যানার বা ফেস্টুন।
প্রার্থীরা গণসংযোগের পাশাপাশি বিতরণ করছেন লিফলেট। প্রার্থীদের পক্ষেও প্রচারকারীরাও বিতরণ করছেন নানা প্রচারপত্র।
প্রিন্টিং প্রেস মিডিয়া জোনের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস জামান জানান, প্রার্থীদের ব্যানারগুলো নিপুণভাবে তৈরি করতে দিনরাত সারাক্ষণ কাজ করছেন শ্রমিকরা।
প্রতিদিনই নতুন নতুন অর্ডার আসছে বলে জানান ফেরদৌস জামান।
জেএস মিডিয়া সাইনের পরিচালক জাহিদ হোসেন জানান, বর্ষা মৌসুম হওয়ায় পোস্টারের তুলনায় ব্যানারের চাহিদা বেশি। প্রতীক বরাদ্দের পর টানা এক সপ্তাহ কাজের প্রচণ্ড চাপ থাকলেও এখন কিছুটা কম।
গ্রাফিক্স মার্টের পরিচালক অম্লান রায় জানান, দুই হাজার টাকায় আট হাজার লিফলেট তৈরি করে দিচ্ছেন তারা। এছাড়া পোস্টার প্রথম এক হাজারে দুই হাজার চারশ’ টাকা এবং পরের প্রতি হাজারে দুই হাজার টাকা করে নিচ্ছেন বলে জানান অম্লান রায়।
ইভা প্রিন্টিং প্রেসের মালিক আমজাদ হোসেন জানান, ঝিমিয়ে পড়া ছাপা ব্যবসা এ নির্বাচনকে ঘিরে কিছুটা জমজমাট। প্রচণ্ড কাজের চাপ থাকায় ইতোমধ্যে তিনি ২০ জন কর্মচারীকে নতুন করে নিয়োগ দিয়েছেন।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মুজিবুর রহমান জানান, বিসিসি নির্বাচনে মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ১১৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদ্য বিদায়ী মেয়র ও ১৪ দল সমর্থিত শওকত হোসেন হিরন (টেলিভিশন প্রতীক), বিএনপি সমর্থিত সাবেক ভারপ্রাপ্ত মেয়র আহসান হাবিব কামাল (আনারস প্রতীক) এবং যুবলীগ থেকে বহিষ্কৃত মাহমুদুল হক খান মামুন (দোয়াত কলম প্রতীক)।
