২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনার পথ বন্ধ হয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

‘তত্ত্বাবধায়ক’ নিয়ে সংসদে আলোচনায় জমা দেয়া মুলতবি প্রস্তাব বিএনপি প্রত্যাহার করে নেয়ায় আলোচনার সব পথ বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2013, 01:32 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

শুক্রবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় তিনি বলেন, “আর আলোচনার সুযোগ নেই। সে রাস্তা তারা বন্ধ করে দিচ্ছে। মুলতবি প্রস্তাব প্রত্যাহার করে তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে।”

অষ্টাদশ অধিবেশন শুরুর দিন সোমবার তত্ত্বাবধায়ক’ ফিরিয়ে আনার দাবিতে জমা দেয়া মুলতবি প্রস্তাব প্রত্যাহার করে নেয় বিএনপি।

গত ২২ মে সংসদ সচিবালয়ে ওই প্রস্তাব জমা দেয়া হয়। কার্যপ্রণালী বিধির ৬২ বিধিতে দেয়া ওই নোটিসে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে কেয়ারটেকার সরকার পদ্ধতি পুনর্বহাল করার প্রস্তাব রাখা হয়েছিল।

শেখ হাসিনা বলেন, “যখন আলোচনার কথা বললাম, তখন বিরোধীদলীয় নেতা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলেন। উনি বললেন, ‘পালানোর পথ পাবো না’। এখন বিরোধীদলীয় নেতার কাছে প্রশ্ন, পালানোর পথ কাকে খুঁজতে হবে।”

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনায় সংসদে জমা দেয়া মুলতবি প্রস্তাব প্রত্যাহারের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী হাসিনা বলেন, “সংসদে মুলতবি প্রস্তাব দিলেন তত্ত্বাবধায়ক নিয়ে আলোচনার জন্য। আইন অনুযায়ী এটা মুলতবি প্রস্তাব হয় না। তবুও আমরা কার্যউপদেষ্টার সভায় সিদ্ধান্ত নিলাম; স্পিকারের ওপর দায়িত্ব দিলাম কার্যপ্রণালী বিধিতে অন্তর্ভুক্ত করার জন্য। আমরা আলোচনায় প্রস্তুত।”

 “আমরা যখন এই সিদ্ধান্ত নিলাম। এটা জেনে তারা মুলতবি প্রস্তাব প্রত্যাহার করে নিলো। তাহলে তারা চায়টা কী?”

বিরোধী দলীয় সংসদ সদস্যরা সদস্যপদ রক্ষা করতেই বাজেট অধিবেশনে যোগ দিয়েছিলেন বলে মন্তব্য করে তিনি বলেন, “তারপরও বলবো, তারা থাকুক। বাজেট আলোচনায় অংশ নিয়ে যা বলার বলুক।”

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এই আলোচনা সভার আয়োজন করে।

১৯৬৬ সালের এই দিনে বঙ্গবন্ধু তখনকার পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনসহ ৬ দফা দাবিতে পাকিস্তানের অপশাসনের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলেন। ৭ জুন আওয়ামী লীগের ডাকা হরতালে ঢাকা, নারায়ণগঞ্জে পুলিশ এবং তৎকালীণ সীমান্ত রক্ষী বাহিনীর (ইপিআর) গুলিতে মনু মিয়া, শফিক ও শামসুল হকসহ ১০ জন বাঙালি শহীদ হন।

এরপর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আপোষহীন সংগ্রামের ধারায় ঊনসত্তরের গণঅভ্যুত্থানের দিকে এগিয়ে যায় বাঙালি। দিনটি উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

আগামী নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “নির্বাচন সাংবিধানিক ও গণতান্ত্রিকভাবে হবে। এর কোনো ব্যাতয় ঘটবে না। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্যে অন্তত একবার এ ধারা শুরু করতে হবে।”

এ জন্য বিএনপিকে সংঘাতের পথ পরিহার করার আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী।

বাজেট প্রসঙ্গে সরকার প্রধান বলেন, “যারা এ বাজেট নিয়ে সংশয় প্রকাশ করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের সরকার প্রতিটি পদক্ষেপ পরিকল্পনা অনুযায়ী গ্রহণ করে। বাজেট বাস্তবায়নে আমরা সক্ষম হবো।”

বাজেট রাজস্ব আদায়ের ওপর নির্ভরশীল দাবি করে যারা সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, “অবশ্যই এ বাজেট রাজস্ব আদায়ের উপর নির্ভরশীল। রাজস্ব আদায় করেই দেশের উন্নয়ন করবো। সারা জীবন অন্যের কাছে হাত পেতে চলবো না কী? আমরা আত্মনির্ভশীল হলে তারা কনসালটেন্সি ফি কোথাও থেকে পাবে না বলেই এসব কথা বলেন তারা।”

হেফাজতের কর্মসূচির দিন পুলিশের অভিযানে কোনো ‘লাশ পড়েনি’ দাবি করে প্রধানমন্ত্রী বলেন, “হাইতিতে ভূমিকম্পে নিহতদের ছবি দিয়ে বিএনপি-জামাত মানুষকে বিভ্রান্ত করছে।”

“এরা কি না পারে! মসজিদে আগুন, পবিত্র কোরআন শরিফ পোড়ানো, কা’বা শরিফের গিলাফের ছবি দিয়ে অপপ্রচার চালায় তাদের তো ছেড়ে দেব না”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, সাহারা খাতুন, নূহ-উল-আলম লেনিন, মাহাবুব-উল-আলম হানিফ, দীপু মণি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশীদ, হাবিবুর রহমান সিরাজ, সিমিন হোসেন রিমি, এম এ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আমিনুল ইসলাম আমিন এবং আসাদুজ্জামান খান কামাল।

পুরনো খবর:

মুলতবি প্রস্তাব ফিরিয়ে নিল বিএনপি