ভোটকেন্দ্র ঘিরে রাখার আহ্বান টুকুর
সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির আশঙ্কা করে নেতাকর্মীদের প্রতি ভোটকেন্দ্র ঘিরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু।
শুক্রবার রাজশাহীতে ১৮ দল সমর্থিত মেয়র পদপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের সমর্থনে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
এর আগে বৃহস্পতিবার রাজশাহীতে নির্বাচনী প্রচারণায় গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, “সরকার সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির ষড়যন্ত্র করছে।”
সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জনগণের রায় ছিনতাইয়ের চেষ্টা করবে সরকার। কিন্তু তা প্রতিরোধ করতে হবে।
এজন্য ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত ভোটকেন্দ্র ঘিরে রাখতে হবে। কারণ এ নির্বাচনে গণরায়ের মাধ্যমে এ সরকারের পতনের সূচনা ঘটবে বলে মন্তব্য করেন বিএনপি নেতা টুকু।
শুক্রবার দুপুরে ‘আমরা সিরাজগঞ্জবাসী’ নামের একটি সংগঠনের আয়োজনে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক প্রমুখ।
