ঝিনাইদহে কৃষককে অপহরণ
ঝিনাইদহ সদর উপজেলা থেকে বৃহস্পতিবার রাতে এক কৃষককে অপহরণ করছে দুর্বৃত্তরা।
আহসাননগর গ্রাম থেকে অপহৃত প্রশান্ত কুমার কাপালী (৩৮) স্থানীয় কানাইলাল কাপালীর ছেলে।
প্রশান্ত কুমারের কাকাতো ভাই ইন্দ্রজিৎ কুমার কাপালী সাংবাদিকদের জানান, রাতে গরমের কারণে প্রশান্ত ঘরের বারান্দায় ঘুমিয়েছিলেন। রাত ১টার দিকে ৭-৮ জন সন্ত্রাসী ঘুম থেকে ডেকে তুলে প্রশান্তকে বাড়ির বাইরে নিয়ে যেতে চায়।
বাড়ির লোকজন চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে বাধা দেয়ার চেষ্টা করেন। তখন অপহরণকারীরা একটি হাতবোমার বিস্ফোরণ ঘটালে লোকজন পিছু হটে যায়। পরে প্রশান্তকে অপহরণকারীরা নিয়ে যায় বলে জানান ইন্দ্রজিৎ।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মুনির উদ্দিন জানান, ঘটনার পরপরই পুলিশ খবর পেয়েছে। তখন থেকেই প্রশান্তকে উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
