মেছো বাঘের শাবক নিয়ে বিপাকে বনবিভাগ
ঠাকুরগাঁও থেকে উদ্ধার করা তিনটি মেছো বাঘ শাবক নিয়ে বিপাকে পড়েছে দিনাজপুরের সিংড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ।
রক্ষনাবেক্ষনের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা না থাকায় শাবকগুলোকে বাঁচিয়ে রাখা নিয়ে তারা শঙ্কিত বলে জানান সিংড়া জাতীয় উদ্যান বিট কর্মকর্তা হারুন-অর-রশীদ।
ঠাকুরগাঁও বন বিভাগের সহ রেঞ্জ অফিসার গয়া প্রসাদ পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলার হরিপুর উপজেলার গোপালপুর গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে গত ২৯ মে দুইটি, পরের দিন আরো একটি ২/৩ দিন বয়সী মেছো বাঘের শাবক পাওয়া যায়। রক্ষণাবেক্ষণের জন্য শাবকগুলোকে ৩১ মে সিংড়া জাতীয় উদ্যানে পাঠিয়ে দেয়া হয়েছে।
বিট কর্মকর্তা হারুন জানান, পূর্ব অভিজ্ঞতা না থাকায় ও নিরাপদ অবকাঠামোর অভাবে শাবকগুলোকে নিয়ে বেশ বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
“এখন পর্যন্ত শাবকগুলি সুস্থ্য রয়েছে। তাদেরকে গরুর দুধ খাওয়ানো হচ্ছে।”
তবে যত দ্রুত সম্ভব শাবকগুলিকে নিরাপদ এবং উপযুক্ত স্থানে হস্তান্তর করা প্রয়োজন বলে মত দেন তিনি।
