২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ- জ্বালানিতে বরাদ্দ বাড়ছে ১৯ শতাংশ

গত কয়েক বছর ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে গুরুত্ব দিলেও  সরকারের শেষ বছরে বিদ্যুৎ ও গ্যাসের উৎপাদন বাড়াতে সরকারি বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 03:20 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জন্য আগামী অর্থবছরে উন্নয়ন ও অনুন্নয়ন মিলে ১১ হাজার ৩৫১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন তিনি, যা  চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি। 

চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ধরা হয়েছে ৯ হাজার ৯৯৩ কোটি টাকা।

অর্থমন্ত্রী মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৩-১৪ অর্থবছরের এই বাজেট প্রস্তাব তুলে ধরেন।

তিনি বলেন, “ইনশাআল্লাহ আগামী ২০১৫ সাল নাগাদ বিদ্যুতের মোট উৎপাদন ক্ষমতা বেড়ে ১৪ হাজার ৫০০ মেগাওয়াটে দাঁড়াবে।”

প্রস্তাবিত বরাদ্দের মধ্যে ৯ হাজার ৬০ কোটি টাকা বিদ্যুৎ বিভাগের জন্য এবং ২ হাজার ২৯১ কোটি টাকা জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জন্য রাখা হয়েছে। অনুন্নয়ন খাতে ৪২ কোটি ৭২ লাখ এবং বাকি টাকা উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে।

বাজেটে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উন্নয়ন কাজের পরিকল্পনায় বলা হয়েছে, গ্যাসের মজুদ বৃদ্ধির জন্য নতুন নতুন গ্যাস ক্ষেত্র খুঁজে বের করা, দেশের উত্তর পূর্বাঞ্চলে উৎপাদিত গ্যাস চট্টগ্রামসহ দেশের মধ্য ও উত্তরাঞ্চলে সরবরাহের জন্য গ্যাস সঞ্চালন পাইপ লাইন স্থাপন করা হবে।

জ্বালানি চাহিদা মেটানোর জন্য এলএনজি আমদানি, বাপেক্সকে দিয়ে গ্যাস অনুসন্ধান, বড় পুকুরিয়া কয়লাখনি থেকে ১০ লাখ মেট্রিক টন উন্নত কয়লা উৎপাদন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে ১ লাখ ৮১ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার ১৮টি স্টোরেজ ট্যাংক নির্মাণ এবং আশুগঞ্জ ও এলেঙ্গায় দুটি কম্প্রেসর স্থাপনের জন্যও বরাদ্দ রাখার কথা বলা হয়েছে।

আর বিদ্যুৎ খাতের উন্নয়নে ২০১৪ সালে সরকারিভাবে ৯৬০ মেগাওয়াট এবং বেসরকারি খাতে ১ হাজার ২৮ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনার কথা বলা হয়েছে।

এছাড়া এলএনজিভিত্তিক ১ হাজার ৮৮ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে বাজেটে।

মুহিত বলেন, দেশের জ্বালানি পরিস্থিতির কথা বিবেচনা করে সরকার কয়লা ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে। কয়লানীতি নিয়ে একটি প্রতিবেদনও সরকার প্রস্তুত করেছে।

তবে বড়পুকুরিয়া বা ফুলবাড়ী খনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হবে কি-না সে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব পরবর্তী সরকারের ওপরই দিয়ে যাচ্ছেন মুহিত।   

বাজেটের নথিপত্রের মধ্যে ‘বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়নের পথনকশা: অগ্রগতির ধারা’ শিরোনামের একটি পুস্তিকাও রয়েছে, যাতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছে।