কুমিল্লায় গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্ত্রী পারভীন আক্তারকে (২২) হত্যার দায়ে উপজেলার মাঝিগাছা গ্রামের কবীর হোসেনকে (৩০) বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করে পুলিশ।
এদিন ভোর ৬টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিদগ্ধ পারভীন আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের ভাই মনির হোসেন বাদী হয়ে কবির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বলে জানান কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আইয়ুব হোসেন।
উপজেলার বাউবন্দ গ্রামের মনির হোসেন জানান, ৪ বছর আগে কবির হোসেনের সঙ্গে তার বোনের বিয়ে হয়।
পেশায় রাজমিস্ত্রী কবির যৌতুকের টাকার জন্য পারভীনকে মারধর করত। ৩১ মে কবির ৫শ’ টাকা চাইলে পারভীন তা দিতে অস্বীকৃতি জানায় এবং এ কারণে কবীর তাকে মারধর করে।
পারভীন ৩১ মে রাতে ঘুমিয়ে পড়লে কবির তার গায়ে আগুন ধরিয়ে দেয় বলে মনির হোসেন দাবি করেন।
এ দম্পতির ঘরে দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
