সিটি নির্বাচনে কারচুপির ষড়যন্ত্র চলছে: নজরুল
সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার কারচুপি করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বৃহস্পতিবার রাজশাহীতে তিনি বলেন, “এ সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা কম বলে আমরা মনে করি। কারণ এ সরকার শুধু জিততেই চায়। জনগণ কী চায়, সেটা এ সরকারের কাছে গুরুত্বপূর্ণ নয়। জনগণের রায় বদলিয়ে দেয়ার চেষ্টা করবে সরকার।”
সকালে পশ্চিমাঞ্চল রেলভবনে ১৮ দলের মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলকে সঙ্গে নিয়ে গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনে কারচুপির চেষ্টা কিছু কিছু জায়গা জনগণ ব্যর্থ করে দিয়েছে। একইভাবে সিটি নির্বাচনেও জনগণ তাদের আকাঙ্খার বাস্তবায়ন করবে।
“সারাদেশের মানুষ আজ পরিবর্তন চায়। অযোগ্য-দুর্নীতিবাজ-ব্যর্থ সরকারের হাত থেকে তারা মুক্তি চায়। সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণ তার প্রমাণ করে দেবে।”
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগরের সভাপতি মিজানুর রহমান মিনু, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
