শেজাদীর ময়না তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ
শেজাদী আপসার মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য ময়না তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে পুলিশ।
ময়না তদন্তকারী চিকিৎসকরা বলছেন, কিছু আলামত পরীক্ষার জন্য সিআইডিকে দেয়া হয়েছে, তার ফলাফল পাওয়া গেলেই প্রতিবেদন চূড়ান্ত করবেন তারা।
এই চিকিৎসকের পরিবার বলছেন, ময়না তদন্ত প্রতিবেদনে পেলেই নিশ্চিত হওয়া যাবে যে এটি হত্যাকাণ্ড।
গত ১৩ মে কুমিল্লায় স্বামীর বাড়িতে মারা যান বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজের ২৮ তম ব্যাচের শিক্ষার্থী শেজাদী।
তার স্বজনদের অভিযোগ, স্বামী লেফটেন্যান্ট কর্নেল সফিকুল ইসলাম পিটিয়ে শেজাদীকে হত্যা করেছে।
সফিকুলকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে গত ১৬ মে কুমিল্লা কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন শেজাদীর ভাই ডা. জাভেদ হোসেন।
তিনি বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ পেলেই সত্য বেরিয়ে আসবে।”
তার দাবি, পরকীয়ায় বাধা দেয়ায় সেনা কর্মকর্তা স্বামীর হাতে খুন হতে হয়েছে তার বোনকে।
মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা কোতোয়ালি থানার পরিদর্শক মো. আইয়ূব বলেন,মৃত্যুর দিন যে শেজাদী স্বামীর মারধরের শিকার হয়েছিলেন, তা তারা মোটামুটি নিশ্চিত হয়েছেন।
শেজাদীর ডায়েরি থেকে পুলিশ তার ছেলেকে উদ্দেশ্য করে লেখা একটি চিরকুট উদ্ধার করেছে। সেটি কার হাতের লেখা, তা খতিয়ে দেখছে পুলিশ।
পরিদর্শক আইয়ূব বলেন, “এটি হত্যাকাণ্ড, না কি আত্নহত্যা, তা বের করতে এই মুহূর্তে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়া জরুরি।”
ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি করতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চার সদস্যের একটি চিকিৎসক দল কাজ করছে।
প্রতিবেদনের বিষয়ে নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও তদন্ত কর্মকর্তা জানান।
চিকিৎসক দলের সদস্য আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৩ মে ময়না তদন্তের দায়িত্ব নেয়ার পরপরই কিছু আলামত পরীক্ষার জন্য সিআইডিকে দেয়া হয়েছে।
শেজাদীর মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে স্বামী সফিকুলের শাস্তির দাবিতে ঢাকায় সংবাদ সম্মেলনও করেছে এই চিকিৎসকের পরিবার।
হত্যা মামলার প্রায় এক মাস পার হতে চললেও আসামিদের গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন ডা. জাভেদ।
তবে তদন্ত কর্মকর্তা আইয়ূব বলেন, “আগে মৃত্যুরহস্য উদঘাটন করি, কেউ দোষী হলে তাদের গ্রেপ্তার অবশ্যই করবে পুলিশ।”
