কাপাসিয়ায় ঢিলেঢালা হরতাল, দুটি মামলা
গাজীপুরের কাপাসিয়ায় ছাত্রদলের ডাকা বুধবারের সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে।
মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নানের গাড়ি বহরে হামলা, মিছিলে পুলিশের গুলির প্রতিবাদ ও গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে ছাত্রদল এ হরতালের ডাক দেয়।
এছাড়া যানবাহন ভাংচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সকালে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে বাঁশ ও কাঠ ফেলে অবরোধ করে হরতালকারীরা। এ সময়ে তারা টায়ারে আগুন দেয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
হরতালের কারণে কাপাসিয়া হয়ে বিভিন্ন সড়কে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি, তবে রিকশা, ভ্যান, অটোরিকশা চলাচল করছে।
কাপাসিয়া থানার ওসি মো. দেলওয়ার হোসেন জানান, মঙ্গলবারের গাড়ি ভাংচুরের ঘটনায় কাপাসিয়া অটোরিকশা স্ট্যান্ডের সুপারভাইজার মো. সুমন আহাম্মেদ বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।
বুধবার দায়ের করা এ মামলায় ৪২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
এছাড়া একইদিন ছাত্রদল কর্মীদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কতুব উদ্দিন বাদী হয়ে বুধবার আরেকটি মামলা দায়ের করেন।
এ মামলায় ৩৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।
ওসি আরো জানান, এ ঘটনায় মঙ্গলবার বিকালে পুলিশ অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে। যাচাই-বাছাই শেষে নয় জনকে ছেড়ে দেয়া হয়েছে।
