২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের মামলায় স্বরাষ্ট্রমন্ত্রীকে অব্যাহতি

আর্থিক অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 02:15 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

২০০৭ সালে করা এই মামলায় অভিযোগের সত্যতা পাওয়া না যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দুদক কমিশনার এম সাহবুদ্দিন জানিয়েছেন।

২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর সেনা নিয়ন্ত্রিত সরকারের সময় গ্রেপ্তার হয়েছিলেন আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন আলমগীর।

ওই সময় তার বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। একটি মামলায় সাজার আদেশও হয় নিম্ন আদালতে, যা পরে উচ্চ আদালত বাতিল করে দেয়।

‘আদমশুমারী এবং গৃহগণনা প্রকল্প ২০০১’ এর প্রশ্নপত্র মুদ্রণে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মহীউদ্দীন আলমগীরসহ পাঁচজনের বিরুদ্ধে ২০০৭ সালের নভেম্বরে মামলা করেছিলো দুদক।

১৯৯৬-২০০১ পর্যন্ত মহীউদ্দীন আলমগীর পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন।

মামলায় অভিযোগ করা হয়, প্রশ্নপত্র মুদ্রণে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে তৎকালীন প্রতিমন্ত্রীসহ আসামিরা ৯৪ লাখ টাকা আত্মসাৎ করেন।

অন্য আসামিরা হলেন- সাবেক সচিব ও পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক সৈয়দ তানভীর হোসেন, পরিসংখ্যান ব্যুরোর সাবেক যুগ্ম পরিচালক এস এম তাজুল ইসলাম, এলিট প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর মহাব্যবস্থাপক মহসিন আলী প্রামানিক ও ব্যবস্থাপনা পরিচালক আরসাদ আলী।

দুদক কমিশনার সাহবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্তে এই অভিযোগের কোনো সত্যতা দুদক পায়নি। তাই কমিশন এই মামলা থেকে অভিযুক্তদের অব্যাহতি দিয়েছে।”