পূর্ণ মেয়াদ শেষেই যাব: দুদক চেয়ারম্যান
চেয়ারম্যান পদে থাকার বৈধতাকে চ্যালেঞ্জ করে কমিশন বরাবর পাঠানো এক আইনজীবীর লিগ্যাল নোটিসের প্রতিক্রিয়ায় দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান গোলাম রহমান জানিয়েছেন, মেয়াদ পূর্ণ হলে তিনি চলে যাবেন।
বুধবার বিকেলে তিনি সাংবাদিকদের বলেন, “আমি ২০০৯ এর ২৩ জুন কমিশনের চেয়ারম্যান হিসেবে যোগদান করি। কমিশনের আইন অনুযায়ী আমার মেয়াদ চার বছর।”
“এ বছরের ২৩ জুন এই মেয়াদ শেষ হবে। আমার যোগদানের তারিখ থেকে সম্পূর্ণ চার বছর আমি থাকব।”
‘দুর্নীতি দমন কমিশন-২০০৪’ আইন অনুযায়ী প্রতিষ্ঠিত দুদকের তৃতীয় চেয়ারম্যান গোলাম রহমান। প্রথম এবং দ্বিতীয় চেয়ারম্যান ছিলেন যথাক্রমে বিচারপতি সুলতান হোসেন খান এবং লেফটেন্যান্ট জেনারেল হাসান মশহুদ চৌধুরী।
তবে দুজনই তাদের মেয়াদ শেষ হওয়ার আগে বিদায় নেন। বিচারপতি সুলতান হোসেন খান পদত্যাগ করেন যোগদানের ২৭ মাস এবং হাসান মশহুদ চৌধুরী ২৪ মাস পর।
