২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারিগরি কমিটির সুপারিশের পর ড্যাপ সংশোধন

কারিগরি কমিটির সুপারিশের ভিত্তিতে ঢাকার বিস্তৃত অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ সংশোধনের প্রস্তাব বিবেচনা করবে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 12:57 PM

Updated : 25 Apr 2022, 06:49 PM

বুধবার সচিবালয়ে মন্ত্রিসভা উপ-কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত সচিব খোন্দকার শওকত হোসেন।

গত ১৯ মে ড্যাপ পর্যালোচনা বিষয়ক মন্ত্রিসভা কমিটির দ্বিতীয় সভায় ড্যাপের ভূমি ব্যবহার প্রস্তাবনা পুনর্বিবেচনা সংক্রান্ত আবেদন সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দিতে একটি মন্ত্রিসভা উপ-কমিটি ও একটি কারিগরি কমিটি গঠন করা হয়।

বুধবার ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরার সভাপতিত্বে মন্ত্রিসভা উপ-কমিটির প্রথম বৈঠকে জানানো হয়, ড্যাপের ভূমি ব্যবহার প্রস্তাবনা পুনর্বিবেচনা সংক্রান্ত ৪১১টি আবেদন রাজউকে জমা পড়েছে। এর মধ্যে ২৯১টি আবেদনকে ‘বৈধ’ ঘোষণা করা হয়েছে।

এছাড়া ২৯১টি আবেদনের মধ্যে ১৮০ জন সুনির্দিষ্ট ভূমি ব্যবহার উল্লেখ না করায় সেগুলো বিবেচনার সুযোগ নেই। অবশিষ্ট ১১১টি আবেদেনের মধ্যে ৩৬ জন ড্যাপ প্রস্তাবিত রাস্তার অ্যালাইনমেন্ট পরিবর্তনের আবেদন করেছেন বলে সভায় জানানো হয়।

সচিব বলেন, কারিগরি কমিটি বিভিন্ন বিষয় সরেজমিন পরিদর্শন করে মন্ত্রিসভা উপ-কমিটিকে সুপারিশ করবে। উপ-কমিটি তা যাচাই-বাছাই করে মন্ত্রিসভা কমিটিকে প্রতিবেদন দিলে তারা বিবেচনা করবে।

কারিগরি কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে জানিয়ে শওকত হোসেন বলেন, আগামী ১৯ জুন উপ-কমিটির দ্বিতীয় সভা হবে। এরপর ১০ দিন পরপর এই কমিটি সভা করে কারিগরি কমিটির সুপারিশ বিবেচনায় নেয়া হবে।

রিয়েল স্টেট কোম্পানিগুলোকে বিশেষ সুবিধা দেয়ার জন্যই ড্যাপ সংশোধনের এই উদ্যোগ নেয়া হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, কাউকে বিশেষ সুবিধা দেয়ার জন্য এটা করা হচ্ছে না।

“২০১০ সালের ২২ জুনের ড্যাপের গেজেট প্রকাশের পর ওই বছরের ২৪ জুন মন্ত্রিসভা ড্যাপ রিভিউয়ের সিদ্ধান্ত নেয়।”

মন্ত্রিসভা উপ-কমিটির সভায় পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, রাজউক চেয়ারম্যান নূরুল হুদা ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।