দুর্নীতির মামলায় সিলেট জেলা পরিষদ সচিব কারাগারে
কর্মসৃজন প্রকল্পের টাকা আত্মসাতের মামলায় সিলেট জেলা পরিষদের সচিব সুজিত কুমার রায়কে জেল হাজতে পাঠিয়েছে সুনামগঞ্জের একটি আদালত।
বুধবার বিকেলে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেন দুদকের দায়ের করা এ মামলায় সুজিতকে কারাগারে পাঠান।
মামলার বরাত দিয়ে অতিরিক্ত সরকারি আইনজীবী নান্টু রায় জানান, সুনামগঞ্জের ছাতকের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থাকাকালে ২০১০-১১ অর্থ বছরের কর্মসৃজন প্রকল্পের ৯ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাত করেন সুজিত।
১২টি ভূয়া চেকের মাধ্যমে তিনি এসব টাকা আত্মসাত করেন বলে সিলেটের দুর্নীতি দমন কমিশন-দুদকের তদন্তে প্রমাণ মেলে।
এ ঘটনায় সিলেট দুদকের উপ-পরিচালক মো. জাকির হোসেন বাদী হয়ে সুজিত কুমার রায়ের বিরুদ্ধে ২০১২ সনের ১৪ ফেব্রুয়ারি একটি মামলা করেন।
বুধবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে সুজিতকে জেল হাজতে পাঠায়।
