প্যারোলে মুক্তি পেয়ে শপথ নিলেন তালোড়ার মেয়র
প্যারোলে মুক্তি পেয়ে শপথ নিয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার নবগঠিত তালোড়া পৌরসভার মেয়র আবদুল জলিল খন্দকার।
বুধবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ মেয়রকে শপথবাক্য পাঠ করান।
এ সময় রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১১টায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে বিএনপি নেতা আবদুল জলিলকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়া হয়।
সেখান থেকে বিশেষ পুলিশ পাহারায় তিনি রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে পৌঁছান। শপথ শেষে তাকে আবারও কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
গত ৮ মে তালোড়া পৌরসভার নির্বাচনে আবদুল জলিল ৪ হাজার ৫৮৮ ভোট পেয়ে বিজয়ী হন। নির্বাচনের আগে ১১ এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই তিনি বগুড়া জেলা কারাগারে ছিলেন। মঙ্গলবার গভীর রাতে তাকে রাজশাহীতে নিয়ে আসা হয়।
তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছেন রাজশাহীর ডেপুটি কারাধ্যক্ষ আনোয়ার হোসেন।
