২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক কারখানার ২০০ শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে

ঘন ঘন বমি ও পেটের পীড়ার মতো উপসর্গ দেখা দেয়ায় গাজীপুর সদর উপজেলার একটি পোশাক কারখানার দুই শতাধিক শ্রমিককে হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 06:23 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

জেলার সিভিল সার্জন বলছেন, কারখানার পানি খেয়েই শ্রমিকরা অসুস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।  

শিল্প পুলিশের উপপরিদর্শক মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার ভোগড়া এলাকায় লাবিব গ্রুপের স্টারলাইট স্যুয়েটার কারখানায় বুধবার সকাল ৮টায় কাজ শুরু হওয়ার দুই ঘণ্টার মাথায় শ্রমিকরা অসুস্থ হয়ে পড়তে শুরু করেন।

এক পর্যায়ে অনেকের মধ্যে অসুস্থতা ছড়িয়ে পড়লে তাদের গাজীপুর সদর হাসপাতাল, টঙ্গী হাসপাতল ও আশেপাশের বিভিন্ন ক্লিনিকে পাঠায় কারখানা কর্তৃপক্ষ।

সব মিলিয়ে দুই শতাধিক শ্রমিককে হাসপাতালে পাঠানো হয়েছে বলে শিল্প পুলিশের কর্মকর্তারা জানান।  

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক তপন কান্তি সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালে আসা রোগীরা ঘন ঘন বমি করে নিস্তেজ হয়ে পড়ছেন। কারো কারো মধ্যে পেটের পীড়ার মতো উপসর্গও দেখা যাচ্ছে।

জেলার সিভিল সার্জন সৈয়দ হাবিবুল্লাহর ধারণা, কারখানার পানির কারণেই রোগীরা অসুস্থ হয়ে পড়েছেন।   

বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত দলকে কারখানায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।