তেজগাঁওয়ে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ
বেতন বৃদ্ধি ও ওভারটাইমের দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে সড়কে নেমে বিক্ষোভ করেছে পোশাক কর্মীরা। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
পরে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে বেলা সাড়ে ১২টার দিকে তেজগাঁও থেকে মহাখালী ও গুলশান লিঙ্ক রোডে যান চলাচল স্বাভাবিক হয়।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক মামুনুর রশীদ জানান, বুধবার বেলা সোয়া ১১টার দিকে সেপাল গার্মেন্টসের কর্মীরা নাবিস্কো এলাকায় সড়কে নেমে বিক্ষোভ শুরু করে। তাদের দেখাদেখি তেজগাঁও শিল্পাঞ্চলের আরো অন্তত সাতটি কারখানার কর্মীরা রাস্তায় নেমে আসে। এতে ওই দুই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। সড়কে যান চলাচলও স্বাভাবিক হয়েছে।
শ্রমিকরা জানান, ওই এলাকার কারখানাগুলোতে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কাজ করানো হতো। তার মধ্যে দুই ঘণ্টা অতিরিক্ত কর্মঘণ্টা ধরা হতো। কিন্তু সম্প্রতি কাজের সময় এক ঘণ্টা বাড়ানো হলেও তার কোনো হিসাব করা হচ্ছে না। এছাড়া তাদের দুপুর ও সান্ধ্যকালীন খাবারও দেয় না, যা অনেক কারখানার শ্রমিকরা পেয়ে থাকেন।
কারখানার কর্মপরিবেশ নিয়েও অসন্তোষের কথা জানান ইস্ট ওয়েস্ট সার্ভিসেস লিমিটেড, কানিজ অ্যাপারেলস, আরমানা গ্রুপ ও আবেদীন গার্মেন্টসসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।
তারা বলেন, কারখানায় কর্মকর্তা-কর্মচারীদের আলাদা বসার জায়গা থাকলেও শ্রমিকদের জন্য একটা টুল পর্যসন্ত নেই। কাজের বাড়তি সময়টুকুর পুরোটাই তাদের দাঁড়িয়ে থাকতে হয়।
সান্ধ্যকালীন খাবার (টিফিন) বিলের বিষয়ে তারা বলেন, দুপুরের পর থেকে টানা ৬ ঘণ্টা কিছু না খেয়ে কাটানো কষ্টকর।
তাদের আরেকটি দাবি হচ্ছে হাজিরা বোনাস বাড়ানো। কাজে অনুপস্থিত না থাকা এবং সময়মত কাজে যোগ দেয়ার ভিত্তিতে প্রত্যেক শ্রমিককে তিনশ টাকা করে দেয়া হয়। এটাকে বাড়িয়ে সাতশ’ টাকা করার দাবি জানান তারা।
সেপাল গার্মেন্টসের একাধিক শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসব দাবিতে গত চার/পাঁচ দিন ধরে তারা কর্মবিরতি পালন করে আসছিলেন। কিন্তু মালিকপক্ষ কোনো সাড়া না দেয়ায় এদিন তারা রাস্তায় নেমে আসেন।
তবে শ্রমিকদের অভিযোগ নাকচ করে সেপাল গার্মেন্টসের মালিক ক্ষমতাসীন দলের সাংসদ টিপু মুন্সী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আশুলিয়ার মতো তেজগাঁওয়ে গার্মেন্টস শ্রমিকদের দুপুরের খাবার বিল দেয়ার দাবি উঠলে এই এলাকার কারখানা মালিকদের বৈঠকে তা মেনে নেয়া হয়। দুপুরের খাবারের জন্য প্রতি শ্রমিককে ২৫টাকা দেয়ার সিদ্ধান্ত হয়।
খাবার বিলের দাবি মেনে নেয়ার পরেও বিক্ষোভের কারণ স্পষ্ট নয় মন্তব্য করে তিনি বলেন, “সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে গার্মেন্ট শ্রমিকরা বিক্ষোভ করেছে। তবে তেজগাঁও বাকি ছিল। এখন বোধ হয় সে কারণেই এ বিক্ষোভ হচ্ছে। শ্রমিকরা কেন বিক্ষোভ করছে তা আমরা বুঝতে পারছি না।”
অবশ্য এ বিষয়ে পুলিশ কর্মকর্তা বিপ্লব বলেন, ওই এলাকার একটি গার্মেন্টসে সম্প্রতি শ্রমিকদের কিছু দাবি-দাওয়া পূরণ হওয়ায় অন্যান্য কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছিল। গত চার/পাঁচ দিন ধরে তারা কর্মবিরতি পালন করে আসছিলো।
