২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ডায়রিয়ার প্রকোপ

গত কয়েকদিনে শতাধিক নারী-পুরুষ-শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে গাজীপুর সদর হাসপাতালে।  

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 02:14 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

মঙ্গলবার এ হাসপাতালের চিকিৎসকরা এ তথ্য জানান।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক তপন কান্তি সরকার বলেন, অস্বাভাবিক হারে ডায়রিয়ার আক্রান্ত হওয়ার খবরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে মঙ্গলবার চার সদস্যের একটি দল সদর হাসপাতাল পরিদর্শনে আসেন। তারা রোগীদের নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন।

অধিক গরম ও দূষিত খাবার থেকে এ ধরণের সমস্যা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।

বিশেষজ্ঞ দলের সদস্য ডা. ওয়ালিউর রহমান বলেন, তাৎণিকভাবে এর কারণ বলা যাচ্ছে না। পরীক্ষানিরীক্ষা শেষে ২-৩ দিন পর বলা যাবে।

অতিরিক্ত রোগীর কথা চিন্তা করে স্বাস্থ্য অধিদপ্তর থেকে কয়েকহাজার স্যালাইন মজুদ করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন মো. হাবিব উল্লাহ।

গাজীপুর সদর হাসপাতাল ছাড়াও জেলার বিভিন্ন ক্লিনিকে আরো অনেকে ভর্তি রয়েছেন বলে জানা গেছে। এ কারণে আক্রান্তদের প্রকৃত সংখ্যা এর থেকেও বেশি বলে সরেজমিনে ঘুরে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি।