বিচারককে আদালত অবমাননার নোটিস
উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকার পরও একটি মামলার কার্যক্রম পরিচালনা করায় নিম্ন আদালতের এক বিচারকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাই কোর্ট।
একটি আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ এ রুল জারি করে।
রুলে দুই বিবাদির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
ঢাকার পঞ্চম মহানগর যুগ্ম দায়রা জজ বিচারক নুরুন নাহার বেগম শিউলি ও ব্র্যাক ব্যাংকের গুলশান শাখার কর্মকর্তা শাকিল মাহমুদ ইমনকে ১৮ জুনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
আদালতে আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন তৌফিক ইনাম টিপু ও অ্যাডভোকেট মো. রেজাউল করিম।
পরে তৌফিক ইনাম টিপু সাংবাদিকদের বলেন, ২০০৮ সালে ব্র্যাক ব্যাংক তার মক্কেল হাবিবুর রহমান হাওলাদারের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করে। পরে হাবিবুর রহমানের আবেদনে ২০০৯ সালের ২ নভেম্বর হাই কোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন।
তিনি বলেন, উচ্চ আদালতের এই স্থগিতাদেশ সত্ত্বেও ব্যাংক কর্মকতা শাকিল মাহমুদ ইমনের এক আবেদনে গত বছরের ২৭ সেপ্টেম্বর ঢাকার পঞ্চম মহানগর যুগ্ম দায়রা জজ এ মামলার কার্যক্রম শুরু করেন।
“এরপর আমরা হাই কোর্টে আদালত অবমাননার অভিযোগে দায়ের করি।আদালত আমাদের আবেদন বিবেচনায় নিয়ে রুল জারি করেছে।”
