সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধে মানববন্ধন
সুগন্ধা নদীর ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার জন্য মানববন্ধন করেছে ঝালকাঠীর দুইটি গ্রামের বাসিন্দারা।
মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলার ভাঙন-কবলিত কিস্তাকাঠী ও দিয়াকুল গ্রামের ৫ শতাধিক গ্রামবাসী নদীপাড়ে এ মানববন্ধন করেন।
মানববন্ধনে দিয়াকুল গ্রামের তোফাজ্জেল হোসেন (৬৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ত্রিশ বছর ধরে সুগন্ধা নদীর তীব্র ভাঙনে বাপ-দাদার পৈত্রিক সম্পত্তি হারিয়ে এই দুই গ্রামের অসংখ্য মানুষ নি:স্ব হয়েছে।
ইতোমধ্যেই দুই গ্রামের ৫শ একর জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে তাই এখনই ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানান এ বৃদ্ধ।
স্থানীয় যুবক শামীম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে ভাঙনের কবলে পড়েছে স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়িসহ বিস্তীর্ণ এলাকার কয়েকশ একর ফসলি জমি। বর্ষা মৌসুম শুরু হওয়ায় ভাঙন আরো তীব্র আকার ধারণ করেছে।
গত ত্রিশ বছর ধরে অব্যাহত ভাঙনে গ্রাম দুটির মানচিত্রই পাল্টে গেছে, বলেন তিনি।
