২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাতৃহন্তা’ যুবক গ্রেপ্তার

বাগেরহাটের কচুয়া উপজেলায় মাকে হত্যার দায়ে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2013, 12:37 PM

Updated : 23 Aug 2022, 10:53 AM

সোমবার সকালে ওবায়দুল ইসলাম উজ্জ্বলকে (৩৫) উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের অভিযোগ, উজ্জ্বলের কোদালের কোপে নরেন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের স্ত্রী শাহিদা বেগম (৫৫) নিহত হন।

কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকালে মায়ের কাছে টাকা চায় ওবায়দুল। টাকা না পেয়ে কোদাল দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মাকে মারাত্মক আহত করে।

রোববার রাত এগারোটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহিদার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে ওবায়দুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুল মাকে হত্যা করার কথা স্বীকার করেছেন বলে জানান এসআই মান্নান। 

হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালটি উদ্ধার করা হয়েছে। এখনো থানায় কোন মামলা হয়নি।

সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।