২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেলে পড়া ভবনটি ভেঙে ফেলার নির্দেশ

রাজধানীর ডেমরায় হেলে পড়া তিনতলা ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2013, 09:20 AM

Updated : 25 Apr 2022, 06:49 PM

ডেমরার সারুলিয়া পূর্ব হাজীনগরে ‘ইভা মঞ্জিল’ নামে ওই ভবনটি রোববার পাশের ছয়তলা একটি ভবনের ওপর হেলে পড়তে শুরু করে।

রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যান এবং দুই ভবনের সব বাসিন্দাকে সরিয়ে নেয়া হয় বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদুজ্জামান জানান।

রাজউকের অথরাইজড অফিসার-৪  আফসার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইভা মঞ্জিলের মালিককে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নিয়ে নিজেদের দায়িত্বে বাড়িটি ভেঙে ফেলতে নির্দেশ দেয়া হয়েছে।”

তিন তলা ওই বাড়ি নির্মাণের ক্ষেত্রে সব অনুমোদন নেয়া হয়েছিল কি না এবং বিধি অনুসরণ করা হয়েছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে রাজউক কর্মকর্তারা জানান।   

ডেমরা থানার উপ পরিদর্শক হারুন-অর-রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ভবন দুটি থেকে লোকজন সরিয়ে রোববার রাতেই বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিছিন্ন করে দেয়া হয়।

দুটি ভবনেই বাইরে থেকে তালা দিয়ে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাত্র তিন দিন আগে গত ৩১ মে রাজধানীর মগবাজার এলাকার দিলু রোডে নির্মাণাধীন একটি ১০ তলা ভবন হেলে পড়ে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি।

গত এপ্রিলে সাভারে একটি আট তলা ভবন ধসে সহস্রাধিক মানুষের মৃত্যু হয়।