বিচারকের প্রতি অসদাচরণ, আইনজীবী বহিষ্কার
বিচারকের সঙ্গে অশোভন আচরণ করায় যশোর আইনজীবী সমিতি তাদের এক সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার করেছে।
সেইসঙ্গে অ্যাডভোকেট সাখাওয়াৎ হোসেনকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।
জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুমি আহমেদের লিখিত অভিযোগে এ পদক্ষেপ নেয়া হয় বলে জানান সমিতির সাধারণ সম্পাদক এমএ গফুর।
তিনি বলেন, বিচারক সুমি আহমেদ লিখিতভাবে সমিতিকে জানান অ্যাডভোকেট সাখাওয়াৎ হোসেন গত ৩০ মে আদালতে বাঘারপাড়া থানার একটি মামলায় দুইজন আসামির জামিন আবেদন করেন।
আদালত জামিন নাকচ করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আদালতের সঙ্গে চরম অশোভন ও অসৌজন্যমূলক আচরণ করেন।
একজন আইনজীবীর এমন আচরণ সমিতির শৃঙ্খলার বিরোধী। এ কারণে গঠনতন্ত্রের ১০(ঘ) ধারা অনুযায়ী তার সদস্যপদ বাতিল হওয়ার যোগ্য, বলেন তিনি।
