চাটমোহরের শিবির সভাপতি গ্রেপ্তার
পাবনার চাটমোহর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি রবিউল ইসলামকে (২৭) পুলিশ গ্রেপ্তার করেছে।
সোমবার দুপুরে চাটমোহর মহিলা মাদরাসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
রবিউল চাটমোহরের সুঁইগ্রামের নজরুল ইসলামের ছেলে।
চাটমোহর থানার ওসি আসাদুজ্জামান মুন্সী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপপ্রচার ও নাশকতা সৃষ্টির অপচেষ্টার অভিযোগে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
চাটমোহর থানায় তার বিরুদ্ধে হরতালে ভাঙচুর ও জনমনে আতংক সৃষ্টির অভিযোগে দ্রুত বিচার আইনে দুটি মামলা রয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে জেলহাজতে পাঠানো হয় বলেও জানান ওসি।
