চট্টগ্রাম মেডিকেলে কর্মবিরতি প্রত্যাহার
দাবি পূরণের আশ্বাসে কর্ম বিরতি প্রত্যাহার করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা।
চট্টগ্রাম মেডিকেলের শিক্ষানবিশ চিকিৎসক ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল পারভেজ সুমনের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে শনিবার থেকে এ কর্ম বিরতি পালন করে আসছিলেন চিকিৎসকরা।
রাশেদুর রেজা সানি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলায় জড়িতদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।এই আশ্বাসের ভিত্তিতে আমরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছি।’
গত শনিবার নগরীর মেহেদীবাগ এলাকায় ন্যাশনাল হাসপাতালের পাশে দুর্বৃত্তদের হামলায় আহত হয় সোহেল পারভেজ সুমন।
তার দাবি, ছাত্র শিবিরের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ এ হামলা চালিয়েছে।
হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের মোট ২১২ জন চিকিৎসক কর্ম বিরতিতে অংশ নেন। এতে কলেজ শাখা ছাত্রলীগেরও সমর্থন ছিল।
